প্রধান সূচি

বাগেরহাটে ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে ॥ যানবাহন চলাচল ব্যাহত

বাগেরহাটের মোল্লাহাটে বেইলি ব্রীজ ভেঙ্গে বালু বোঝাই একটি ট্রাক খালের মধ্যে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোরে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকায় মরা চিত্রা নদীর উপরে নির্মিত বেইলি ব্রীজ ভেঙ্গে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই ব্রীজ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৪টার সময় একটি বিকট শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। উঠে এসে দেখি ব্রীজ ভেঙ্গে একটি ট্রাক খালের মধ্যে পড়ে গেছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই এলাকা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরে আমরা পুলিশকে খবর দিয়েছি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পুরাতন সড়ক দিয়ে বালু নিয়ে বড়ঘাট যাচ্ছিল ট্রাকটি। ভুলক্রমে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথে মরা চিত্রা নদীর উপরে নির্মিত বেইলি ব্রীজে উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে ১০টি বেইলি ব্রীজ রয়েছে। অধিকাংশ ব্রীজগুলো ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু চালক অতিরিক্ত পণ্য বোঝাই করে ওই সড়ক দিয়ে চলাচল করেন। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। যতদ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝুঁকিপূর্ণ বেইলি ব্রীজগুলো অপসারণ করে কনক্রিট বা আরসিসি ব্রীজ তৈরির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial