পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (১০১তম জন্ম দিন) ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার সকাল ৬টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে ৩১বার তোপোধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। এরপরে পর্যায়ক্রমে সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনের কেক কাটা হয়।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
