প্রধান সূচি

পিরোজপুরে যৌতুকের দাবীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। রায়ে আদালত সাজাপ্রাপ্তকে আরও এক লক্ষ টাকা জরিমানা করেছে। তবে অভিযোগ প্রমানিত না হওয়ায় অন্য দুই আসামীকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত মো. হালিম ঢালী (৪৪) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। স্ত্রীকে হত্যার পর থেকেই পলাতক রয়েছে হালিম।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মৃত মতি মিয়ার মেয়ে হাসি বেগমের (২৪) সাথে হালিমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবীতে প্রায়ই হাসিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো তার স্বামী হালিম। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে স্বামী হালিম তার প্রথম স্ত্রী এবং বোনের সহায়তায় দ্বিতীয় স্ত্রী হাসিকে মারধোর করে মারাত্মকভাবে আহত করে। এরপর হাসিকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয় হাসির পরিবার। বরিশালে চিকিৎসাধীন অবস্থায় ঐ বছরের ৭ মে হাসি মারা যায়। এ ঘটনায় মৃত হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিম, তার প্রথম স্ত্রী এবং বোনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর ওই বছর সেপ্টেম্বর মাসে মামলার তদন্ত কর্মকর্তা তিন আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে হাসির স্বামী হালিম বাদে অন্য দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যহতি দিয়েছে আদালত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial