রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের দাফন
পিরোজপুরের ইন্দুরকানীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবিরের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার পাড়েরহাটের বীর মুক্তিযোদ্ধ ও জাতীয় পার্টি (জেপি) নেতা মোকাররম হোসেন কবির (৭২) ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি … রাজিউন)। বিকেলে জানাজা নামাজের পূর্বে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার বশির আহম্মেদের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করেন ইন্দুরকানী থানা পুলিশ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, মরহুমের ভাই তফাজ্জল হোসেন ফরিদ প্রমুখ। পরে তাকে পাড়েরহাটের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মোকাররম হোসেন কবিরের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাক এর প্রকাশক তারিন হোসেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. মতিউর রহমান, উপজেলা জেপির আহবায়ক আসাদুর কবির স্বপন, সদস্য সচিব শাহিন হাওলাদারসহ জেপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
