প্রধান সূচি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে পিরোজপুরে মানববন্ধন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির জেলা কমিটি।

মানববন্ধনে বক্তারা, প্রাইমারীর ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিব বর্ষ উপলক্ষে জাতীয়করণ করতে হবে, শিক্ষকদের পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা চালু, কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভূক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা চালুসহ ৭টি দাবী তুলে ধরেন।

এসময় তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর প্রভাবে সারাদেশের বেতন বঞ্চিত কর্মরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয়করণ ঘোষণা না হলে কেন্দ্রীয় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সকল জেলার শিক্ষকদের নিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

মানববন্ধনে সংগঠনটির জেলা সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম ইউনুস, সদর উপজেলা সভাপতি মো. আবদুল হক, নাজিরপুর উপজেলা সভাপতি মো. নুরুল আমিন, কাউখালী উপজেলা সভাপতি হাফেজ মো. সোলায়মান, নেছারাবাদ উপজেলা সভাপতি মো. নুরুল আমিন, ইন্দুরকানী উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial