পিরোজপুরে কলাখালীতে যুব স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে বৃক্ষরোপণ
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে যুব স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকাল ১০টায় ইউনিয়নের পুখরিয়া গার্লস স্কুল মাঠে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিসিক কর্মকর্তা মনিরুল ইসলাম খান, পুখরিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এনায়েত কবির খান, যুব স্বেচ্ছাসেবক টিমের সভাপতি রানেল হাওলাদার, ইউপি সচিব সন্তোষ বড়াল, ৮নং ওয়ার্ডের মেম্বার আসাদ খান, স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো. জামিল হোসেন, রুমান হাওলাদার, উত্তম কুমার মৃধা, আল-আমিন হাওলাদার, রাশেদুল ইসলাম, কামাল হোসেন, রিফাত মোল্লা, রিয়াদউজ্জামান, দেব মৃধা, ফরহাদ শিকদার, নাফিজ খান, নোবেল হাসান রাজু, জসিম মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন, কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক টিমের অক্সিজেন প্রোজেক্ট-২০২০ এমন একটি কার্যক্রম এবং করোনাকালীন সময়ে এই টিমটি বেশ কিছু বিশেষ ভুমিকা পালন করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য অনেক কাজ করেছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেটি পোশমনে ক্ষুদ্র হলেও একটি ভালো ভুমিকা রাখবে
স্বেচ্ছাসেবক টিমের সভাপতি রানেল হাওলাদর বলেন, পুরো ইউনিয়নে আমরা ৪ হাজার ৯০০ গাছ রোপণ করবো। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আশেপাশে এবং পুরো ইউনিয়ন জুড়ে আমরা ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধক কৃষ্ণচুড়াসহ প্রায় ১৫ প্রজাতির গাছ রোপণ করবো।
রানেল হাওলাদার আরও বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল আমাদের সংগঠনটির শুভ সুচনা হয়। তারপর করোনাকালীন সময়ে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নেই। জনগনকে করোনা থেকে সচেতন করতে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য বাজারে বাজারে মাইকিং করি এবং মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতে কাজ করা হয়। এ ব্যাপারে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ আমাদের বেশ কিছু মাস্ক দিয়ে সহযোগিতা করেছেন। আমরা চাই এমন যুব স্বেচ্ছাসেবক টিম প্রতিটি ইউনিয়ন জেলা উপজেলা তথা সমগ্র বাংলাদেশের সকল জেলায় একটি করে হোক, যাতে করে নিজ জেলা, নিজ ইউনিয়নসহ সমাজে ভালো কিছু কাজ করা যায়।
