স্বরূপকাঠীতে বিদ্যুৎতাড়িত হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় মোটরপাম্প দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে মো. ফিরোজ (২৬) নামে এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী গ্রামের কৃষক মো. আলমগীর হোসেন শেখের ছেলে। ফিরোজ ঢাকার একটি প্রাইভেট কলেজে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র।
পরিবারের স্বজনরা জানায়, ফিরোজ ওই কৃষক পরিবারের একমাত্র মেধাবী সন্তান। সে ঢাকায় একটি প্রাইভেট কলেজে পড়াশুনা করে। করোনাকালে কলেজ বন্ধ হওয়ায় ফিরোজ বাড়ীতে আসে। ঘটনার দিন সে সকালে বাড়ীর পাশের একটি ডোবায় মোটরপাম্প মেশিনের সাহায্যে পানি সেচ দিয়ে মাছ ধরতে নামে। এসময় মোটরপাম্পটি বিদ্যুৎ তাড়িত হয়ে যায়। তাতে ফিরোজের হাত পড়তেই বিদ্যুৎতাড়িত হয়ে শিক্ষার্থী ফিরোজ মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা হাসপাতালের ডাক্তার রুবাইয়াত সানজিদ হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরও পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। লাশের হাতের তালুতে পোড়া দাগ দেখা গেছে।
