প্রধান সূচি

স্বরূপকাঠীতে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস বন্ধ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ তুলে ডাক্তার মারধরের ঘটনায় চিকিৎসকরা প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে নেছারাবাদ উপজেলায় চিকিৎসকরা সকল প্রকার প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখেছেন। হঠাৎ করে ডাক্তারদের এই প্রাইভেট প্রাকটিস বন্ধ ঘোষণায় বেশি হতাশায় পড়েছে নিম্নআয়ের মানুষেরা।
শুক্রবার উপজেলার ইন্দুরহাটে ভুল চিকিৎসায় প্রায় দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ তুলে আবু বকর আকন নামে এক ডাক্তারের উপর হামলা চালান রোগীর স্বজনরা। ডাক্তার আবু বকর বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ডা. আবু বকর আকনের উপর হামলার ঘটনা ছড়িয়ে পড়লে শনিবার থেকে চিকিৎসকরা নেছারাবাদে প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার ঘোষণা দেন।
বরিশাল শেবাচিম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সৌরভ কুমার সুতার (এফসিপিএস) জানান, ভুল চিকিৎসা আদৌ হয়েছে কিনা তা যাছাই বাছাই না করেই একজন চিকিৎসককে মারধর করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। স্বাচীব নেতা সৌরভ সুতার বলেন, চিকিৎসক আবু বকর আকনকে মারধরের ঘটনায় চিকিৎসকের পক্ষ থেকে নেছারাবাদে সকল ধরনের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় কৌরিখাড়া গ্রামের সাকিল হোসেন তার অসুস্থ শিশুপুত্র ফাহাদকে নিয়ে ডাক্তার আবু বকরকে দেখিয়ে ব্যবস্থাপত্র নেন। ডাক্তার আবু বকর এর ব্যবস্থাপত্রের ঔষধ প্রয়োগের মাত্র ৭/৮ মিনিট পরে শিশুটি মারা যায় বলে অভিযোগ তুলে শুক্রবার রাতে সাকিলের স্বজনরা ওই ডাক্তারের ইন্দুরহাটস্থ চেম্বারে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা ডা. আবু বকরকে মারধর করেন।
এ বিষয়ে ডা. আবু বকর বলেন, তিনি সঠিক চিকিৎসা দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial