প্রধান সূচি

নাজিরপুরে ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে আহত

পিরোজপুরের নাজিরপুরে সরকারী জমি দখলে বাঁধা দেয়ায় ভূমি অফিসের এক কর্মচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের শ্রীরামকাঠী বন্দরে।

আহত কর্মচারী প্রদীপ মালি (২২) শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক ও স্থানীয় ভীমকাঠী গ্রামের মৃত প্রফুল্ল কুমার মালির ছেলে। আর হামলার সাথে জড়িত তিলক রায় (২৮) ওই ইউনিয়ন ভূমি অফিসের পিছনের সরকারী জমি দখল করে থাকা তুষার কান্তি রায়ের ছেলে।

বুধবার সকালে চিকিৎসাধীন ওই কর্মচারীকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ।

আহত সরকারী কর্মচারী প্রদীপ মালি জানান, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি অফিসের মোটর সাইকেল অফিসে রেখে সামনের একটি টিউবওয়েলে পা ধুতে থাকেন। এ সময় ভূমি অফিসের পিছনে সরকারী জমি দখল করে থাকা স্থানীয় তিলক রায় তাকে হত্যার উদ্দেশ্যে ইট ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় শিখা রানী ও ভুদেব মৈত্র এসে তাকে উদ্ধার করেন।

শ্রীরামকাঠী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. ছানাউল হক জানান, শ্রীরামকাঠী বন্দরের সরকারী জমি ওই হামলাকালী তিলক রায়ের পরিবারসহ কয়েকজন প্রভাবশালী দখল করে নিয়েছেন। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গত কয়েক দিন ধরে ওই সব জমির দখল উচ্ছেদে গেলে প্রভাবশালী ওই সব লোকজন ক্ষীপ্ত হন। আর এর জের ধরে তাদের ইন্দনে ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা করা হয়েছে। তিনি আরো জানান, হামলার খবর শুনে আহত ওই কর্মচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে হামলাকারীদের পক্ষে স্থানীয় খোকন কাজী তাতে বাঁধা দেন।

এদিকে, এ ঘটনার পর হামলাকারীর মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial