পাইকগাছায় পুলিশ পরিদর্শকসহ ৩ জনের করোনা শনাক্ত
পাইকগাছায় পুলিশ পরিদর্শকসহ ৩ জন নভেল কোভিড ১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ জন।
বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের মুখপাত্র ডা. ইফতেখার বিন রাজ্জাক জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ মোট ১৭৫ জন। তার মধ্যে আক্রান্ত ১৯ জন। সুস্থ হয়েছেন ২ জন। আইসোলশন ওয়ার্ডে ভর্তি সর্বমোট ৭ জন ভর্তি রয়েছেন।
আক্রান্তরা হলেন, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাশ, আলমতলা গ্রামের মোতালেব দফাদারের ছেলে ইয়ামিন দফাদার, সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের মৃত মনিরদ্দীন ফকিরের স্ত্রী ছবিরণন্নেছা (৮০)। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, মঙ্গলবার রাতে খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী নতুন করে পাইকগাছার ৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, করোনায় আক্রান্ত এসআই সঞ্জয় দাশ হোমকোরান্টেইনে আছেন। তাকে রাজারবাগ পুলিশ লাইনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান কে. এম. আরিফুজ্জামান তুহিন ও এনামুল হক জানান, প্রত্যেকের বাড়িতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ঔষধ প্রদানসহ তাদের বাড়ি ও আশপাশের ১০টি বাড়ি লকডাউনের আওতায় আনা হয়েছে।
