স্বরূপকাঠীতে অফিস টাইমে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ উঠেছে ডাক্তার সৌমেনের বিরুদ্ধে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় অফিস টাইমে হাসপাতালে রোগী রেখে বাইরে প্রাইভেট প্রাকটিসে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে ছারছীনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. সৌমেন দে এর বিরুদ্ধে। গত ২২ জুন সকালে স্থানীয় ভুক্তভোগী রোগীদের এক মৌখিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া ওই ডাক্তারকে কারণ দর্শানোর একটি নোটিশ দিয়েছেন।
নোটিশে হাসপাতালের অফিস সময়ে কেন বাইরে রোগী দেখা অবৈধ নয় তা জানতে চেয়ে তাকে (ওই ডাক্তারকে) তিন দিনের মধ্য জবাব দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয় অস্বীকার করে ডাক্তার সৌমেন দে বলেন, চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে এক জারিকৃত পরিপত্রে তাদের দু’ভাগে ভাগ হয়ে অর্থ্যাৎ শিফট করে চিকিৎসা দিতে বলা হয়েছে। তাই নিয়ম অনুযায়ী তিনি মাসের এক তারিখ থেকে পনের তারিখ পর্যন্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করেছেন। এখন বাকি পনের দিন তার ছুটি কাটানোর সময়। তাই ছুটিকালীন সময়ে তিনি প্রাইভেট প্রাকটিস করছেন। অফিস টাইমে কখনোই তিনি প্রাইভেট প্রাকটিস করছেন না বলে দাবি করেন।
জানা যায়, ডাক্তার সৌমেন দে নেছারাবাদ উপজেলার ছারছীনা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিয়মিত ডাক্তার। তিনি প্রায় সময়ই অফিস টাইমে স্থানীয় ক্লিনিক ঘুরে অ্যানেসথেসিয়া দেয়াসহ বাইরে প্রাইভেট প্রাকটিসে সময় পার করেন। এ বিষয়ে কোন সচেতন মানুষসহ কেউ প্রতিবাদ করলেও কাউকেই পাত্তা দিচ্ছেন না ওই ডাক্তার।
উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, তিনি অফিস সময়ে প্রাইভেট প্রাকটিস করেন বলে একটি খবর পাওয়া গেছে। তাই তাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হয়েছে। আর ডাক্তার সৌমেনের কথানুযায়ী স্বাস্থ্য মন্ত্রানালয় থেকে জারিকৃত পরিপত্রে উপ-স্বাস্থ্য কেন্দ্রের বেলায় কিছুই বলা হয়নি বলে তিনি জানান। আর ওখানে একমাত্র ডাক্তার তিনিই। তাই দায়িত্ব ভাগ করে ডিউটি করার কোন প্রশ্নই আসে না।
