মোংলা বন্দরে বিদেশী জাহাজের চীফ ইঞ্জিনিয়ার চীনা নাগরিকের মৃত্যু
মোংলা বন্দরে আগত একটি বিদেশী বাণিজ্যিক জাহাজের চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)। চীনা নাগরিক এই প্রকৌশলী গত ১০ জুন সন্ধ্যায় জাহাজে কর্মরত অবস্থায় মারা যান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জাহাজে চীনা এ নাগরিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা যাওয়া চীনা এ নাগরিকের শরীরে করোনাভাইরাস উপসর্গ ছিল না বলে দাবী করেন তিনি। দীর্ঘ সাত মাস ফ্যান হংজি (৪৩) জাহাজে কর্মরত ছিলেন বলেও জানান হারবার মাষ্টার।
সিঙ্গাপুর পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ জ্বালানী গ্যাসের কাঁচামাল নিয়ে গত ১০ জুন বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান নেয়। জাহাজটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত এনার্জি প্যাকের গ্যাস কারখানার কাঁচামাল নিয়ে আসে বলে বন্দরের হারবার বিভাগ জানায়। এ বন্দরে আসা বিদেশী ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইউনি গ্লোবালের এজিএম সৈয়দ মামুনুল ইসলাম বলেন, মারা যাওয়া চীনা ওই নাগরিকের মরাদেহ ডাক্তারী পরীক্ষা শেষে মোংলা থানায় ইউডি মামলা করা হবে। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে লাশ তার দেশে পাঠানো হবে বলেও জানান তিনি।
