প্রধান সূচি

ইউপি সদস্যের বিরুদ্ধে দুঃস্থদের তালিকা তৈরীতে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউপির সদস্য কাঞ্চিলাল ঢালীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ সহায়তার ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার তালিকা তৈরী করতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।

ইউপি সদস্য কাঞ্চিলাল ঢালী তার ১নং ওয়ার্ডের ৪৯ জনের তালিকা তৈরী করতে গিয়ে তার মা মালতি ঢালী, আপন ভাই মহানন্দ ঢালী এবং আত্মীয় স্বজনসহ এলাকার ধর্নাঢ্য ব্যক্তিদের নাম অন্তভুক্ত করেছেন। ওই ওয়ার্ডের নির্মল মজুমদার, রাজিব সিকদার, কৌশিক হালদারসহ ৩৬জন ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারের কাছে ইউপি সদস্য কাঞ্চিলাল ঢালীর অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে প্রধানমন্ত্রী ঘোষিত অতি দরিদ্র, দরিদ্র, ক্ষুদ্র পেশাজীবীদের মাঝে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার জন্য করা তালিকায় উক্ত ইউপি সদস্য তার মা, ভাই এর নাম রাখা ছাড়াও ভোট পক্ষে রাখতে সরকারি হাসপাতালের নার্স এর স্বামী অবস্থাপন্ন সচীন মন্ডল, ধর্নাঢ্য পথিক হালদার, মুদি দোকানদার বিবেক হালদার, সম্পত্তির মালিক বিধুভুষন মন্ডলসহ বেশকিছু সচ্ছল ব্যক্তির নাম অন্তভুক্ত করেছেন। এ ছাড়াও অন্যান্য সরকারি সুবিধা দেয়া পরিবারের সদস্যদের মধ্যে স্বামী অথবা স্ত্রীর নাম কৌশলে তালিকায় রেখেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কাঞ্চিলাল ঢালী বলেন, তার মা এবং ভাই অলাদা আলাদা সংসার করেন এবং তারা গরীব মানুষ। ইউপি সদস্য কাঞ্চিলাল বলেন ৪৯ নামের মধ্যে তিনি ৪০ নাম দিয়েছেন এবং তাতে কোনো অনিয়ম করা হয়নি। ৯টি নাম ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল যুক্ত করেছেন।

এসব অনিয়মের বিষয় জানতে চাইলে দৈহারী ইউপির চেয়ারম্যান প্রগতি মন্ডল বলেন, তাড়াহুড়ো করে তালিকা করতে হয়েছে বলে সামান্য ভুলত্রুটি হতে পারে।

অভিযোগের বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য ইতোমধ্য ওখানে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ওই ইউপি সদস্যের অনিয়ম প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial