শরণখোলায় ফিল্মি স্টাইলে ছাত্রী অপহরণ !
বাগেরহাটের শরণখোলায় মাকে জিম্মি করে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে দলবল নিয়ে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গেছে সুজন গাজী (২৯) নামের এক মাদক কারবারী। অপহরণের ১৫ ঘন্টা পর শরনখোলা থানা পুলিশ মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপহরণকারী ও তার দলবলের অব্যাহত হুমকিতে ছাত্রীর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উপজেলার মঠেরপাড় গ্রামের জাহাঙ্গীর হাওলাদার জানান, একই গ্রামের মো. ফারুক গাজীর ছেলে সুজন গাজী প্রায়ই তার মেয়েকে উত্যক্ত করতো। গত সোমবার সন্ধ্যায় ৬টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে সুজন ৬/৭ জন মাদকাসক্ত বন্ধুকে নিয়ে তার বাড়িতে আসেন। অপহরণকারীরা ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রী ময়না বেগমকে জিম্মি করেন। এ সময় বখাটেরা তার বসতঘরের আসবাপত্র তছনছ করে এবং তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ও সুজনের মামা মো. জাহাঙ্গীর তালুকদার বলেন, সুজন বখাটে হয়ে যাওয়ার পর থেকে আমরা তার পরিচয় দেইনা। সুজনের পিতা মো. ফারুক গাজী জানান, তার ছেলের কারণে তিনি খুবই অতিষ্ট।
শরণখোলা থানার অফিসার ওসি এস. কে. আব্দুল্লাহ আল সাইদ জানান, খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ ঘন্টা পর বানিয়াখালী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে মঙ্গলবার উদ্ধার করা হয়। ওই ছাত্রী এখন তাদের হেফাজতে থানায় রয়েছেন। বুধবার দুপুরে ছাত্রীর পিতা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ সুজনের অজ্ঞাত ৫ বন্ধুর নামে একটি মামলা দায়ের করেছেন এবং আসামীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
