শরণখোলায় চায়না ঠিকাদার কোম্পানির ট্রলির চাপায় প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পেল্ডারের বেড়িবাঁধ নির্মানকারী চায়না ঠিকাদার কোম্পানির মাটি পরিবহনের ট্রলি চাপায় নজরুল ইসলাম (১৬) নামের এক প্রতিবন্ধি কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের হামিদ খানের ছেলে বাক প্রতিবন্ধি নজরুল ইসলাম বাড়ির পাশের নির্মানাধীন বেড়িবাধের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পাউবোর টেকসই বাঁধনির্মান কাজে নিয়োজিত ‘সিএইচডাব্লিউই’ নামের চায়নার ঠিকাদার প্রতিষ্ঠানের একটি ট্রলি পিছন দিক থেকে চাঁপা দিলে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। ঘটনার পর ট্রলির চালক দ্রুত পালিয়ে যায়। চালকের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে নজরুলের বাবা থানায় মামলা করবেন বলে জানান ইউপি চেয়ারম্যান।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. কে. আব্দুল্লাহ আল সাইদের কাছে জানাতে চাইলে তিনি লাশ উদ্ধার বা ময়না তদন্তের ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছু বলতে পারেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এব্যাপারে ঠিকাদার কম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।
