মঠবাড়িয়ার ১০ পারবারের বাড়ীভাড়া মওকুফ করেছেন এক বাড়ীওয়ালা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক বাড়ীওয়ালা তার ভাড়াটিয়াদের মার্চ মাসের বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি ফেসবুকে ষ্টাটাসও দিয়েছেন। বাড়ীওয়ালার নাম হেমায়েত উদ্দিন। তিনি মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ।
ফেসবুক ষ্টাটাসে তিনি লেখেন- পৌরসভার ৩নং ওয়ার্ডে নবীনগর এলাকায় আমার ইহান ভিলা নামে একটি কলোনী আছে। যেখানে দীর্ঘদিন যে সমস্ত ভাইয়েরা আমার ভাড়াটিয়া হিসেবে বাড়ী ভাড়া দিয়ে আসছেন বর্তমানে দেশের এই করোনা মহামারির কারণে এবং আপনাদের কথা চিন্তা করে মার্চ-২০২০ মাসের বাড়ী ভাড়া মওকুফ করে দিলাম। হেমায়েত উদ্দিনের ভাই মোস্তাফিজ বাদল জানান, তার ভাই হেমায়েত উদ্দিনের বাড়ীতে ১০টি পরিবার থাকে। যা থেকে তিনি প্রতিমাসে ৩৫ হাজার টাকা ভাড়া পান। মঠাবড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ জানান, বাড়ী ভাড়া মওকুফের বিষয়ে হেমায়েত উদ্দিনের এই উদ্যোগে তিনি এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
