ভান্ডারিয়ায় বাজার বন্ধ ॥ ৫১ জন হোম কোয়ারেন্টাইনে
পিরোজপুরের ভান্ডারিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে দোকানপাটসহ সপ্তাহের শনিবার ও মঙ্গলবারের দু’দিনের বাজার বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন, বাজারের ব্যবসায়ীসহ সচেতন জনসাধারণ। রবিবার রাতে উপজেলা প্রশাসনের উদ্যেগে মাইকিং করে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত উপজেলার কাঁচা বাজার, মুদি দোকান, ঔষধের দোকান বাদে অন্য সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।
এ লক্ষে সোমবার সকালে সকল প্রকারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কার্যকরের জন্য নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভান্ডারিয়া বন্দরের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের সতর্কতার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বন্দর ব্যবসায়ী নেতা মো. মিজানুর রহমান নিপু জোমাদ্দারসহ অন্যান্যরা।
এদিকে, ইমিগ্রেশনের তথ্য মতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভান্ডারিয়া উপজেলার ২৮৫ জন প্রবাসি দেশে আসলেও তাদের মধ্যে থেকে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হয়েছে। বাকিদের পাওয়া যাচ্ছেনা। তারা হয়তো দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান।
এদিকে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে বাজারের সকল প্রকার যানবাহনে স্প্রে করা হয়।
