প্রধান সূচি

আরিফুলসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

মধ্যরাতে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড জরিমানা করাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যামামলা ও গ্রেফতারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অর্থ সম্পাদক ইয়ামিন আলীসহ আরও অনেকে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ রকম কাজ বাংলাদেশের মানুষ কোনদিন দেখেনি। এটা ব্রিটিশ আমলকেও হার মানিয়েছে। শুধু আরিফুল নয় সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ষ্টিম রোলার চলছে।

মানবজমিন পত্রিকার সম্পাদকের নামে মামলা, খুলনায় সাংবাদিকের উপর ঠিকাদারের হামলাসহ সাংবাদিকরা নির্যাতন ও লাঞ্চনার শিকার হচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কুড়িগ্রামে সাংবাদিকের কারাদন্ড ও জরিমানার ঘটনায় জড়িত জেলা প্রশাসক, আরডিসিসহ সকলকে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের দাবি জানান বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial