প্রধান সূচি

বিয়েকে স্মরণীয় রাখতে আমের চারা উপহার

এক অন্যরকম বৌ-ভাতের আয়োজন। একদিকে মহাধুমধামে চলছে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা। পাশাপাশি নবদম্পত্তি তাদের এই পরম মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আগত অতিথিদের হাতে উন্নত জাতের আমের চারা তুলে দিচ্ছেন। আর এমনই ব্যতিক্রমী বৌভাতের আয়োজন করা হয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ১৪ মার্চ শনিবার উপজেলার কালশিরা গ্রামের মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রহ্মের ছেলে মাধব ব্রহ্মের সাথে রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের গোপাল পোদ্দারের মেয়ে সুমা পোদ্দারের বিয়ে হয়। এদিন বিকেলে বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এ আয়োজনে আগত অতিথিদের ভুঁড়িভোজ শেষে একটি করে উন্নত জাতের আমের চারা উপহার দেওয়া হয়। আমন্ত্রণে এসে গাছের চারা উপহার পেয়ে অনেকেই বেজায় খুশি। নবদম্পত্তিকে সকলে দোয়া ও আর্শিবাদ করেন।

এ ব্যাপারে বৌভাত অনুষ্ঠানে আগত অতিথি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। মাধব লাল বরাবরই মহৎ কাজের সাথে সম্পৃক্ত থেকে নানা দৃষ্টান্ত স্থাপন করেছে। সে নিজে এক সময় লাইব্রেরি তৈরি করে লোকের বাড়িতে বই বিলি করে বেড়াত। এটাও তারই একটা অংশ বলা চলে।

এ বিষয়ে নব দম্পত্তি মাধব ব্রহ্ম ও সুমা’র সাথে কথা হলে তারা জানায়, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষার জন্য গাছের কোন বিকল্প নেই। পাশাপাশি আমরা যে আম গাছের চারাটি উপহার দিয়েছি এটি যদি বেঁচে থাকে তাহলে এ গাছে একদিন ফল ধরবে। তখন আম খেয়ে আমাদের কথা অনেকে মনে করবে। এ স্মৃতিকে ধরে রাখতেই গাছের চারা উপহারের বিষয়টি মাথায় এসেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial