বাগেরহাটে অগ্নিকান্ডে দুইটি বসতঘর ভস্মিভূত
বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে দুইটি বসতঘর ভস্মিভূত হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার হুড়কা দক্ষিণপাড়া গ্রামের অরুপ মন্ডল (মানিক) ও স্কুল শিক্ষিকা নিপুণা মন্ডলের বসত বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। এতে দুই পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ অরুপ মন্ডল জানান, রাতে ঘুমিয়েছিলাম। কিভাবে আগুন ধরেছে জানিনা। আগুন আমাদের ঘুমানোর কক্ষ পর্যন্ত আসলে আমরা টের পাই। কোন মতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছি। তবে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও লেখাপড়ার সার্টিফিকেট সব পুড়ে ছাঁই হয়ে গেছে।
হুড়কা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলি। ওই দুই বাড়িতে বিদ্যুৎ নেই। প্রাথমিকভাবে জানা গেছে কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। আপতত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হয়েছে।
