পিরোজপুরে করোনাভাইরাস প্রতিরোধে জেলা উপজেলায় আইসোলেসন ইউনিট
পিরোজপুর জেলা হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য জন্য ৪ বেডের আইসোলেসন ইউনিট তৈরী করা হয়েছে। এছাড়া জেলার ৭টি উপজেলার মধ্যে ইন্দুরকানী উপজেলা বাদে অন্য ৬টি উপজেলায় প্রতিটিতে ২ বেডের আইসোলেসন ইউনিট করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলা হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা সদরে কোনো রোগী সনাক্ত হলে তার চিকিৎসার জন্য আলাদা করে আইসোলেসন ইউনিট তৈরি করা হয়েছে। জেলা হাসপাতালের নীচতলায় ডান দিকে এবং রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য ৪ জন ডাক্তার নিয়ে একটি র্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া, নেছারাবাদ (স্বরূপকাঠী) ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বেডের আইসোলেসন ইউনিট তৈরী করা হয়েছে। জেলার অপর উপজেলা ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোর বিভাগ চালু না থাকায় সে উপজেলায় যদি কেউ করোনায় আক্রান্ত হয় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এখন পর্যন্ত জেলার কোথাও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এ রকম খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
