প্রধান সূচি

সাবেক এমপি একেএমএ আউয়ালের মামলা প্রত্যাহারের দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেয়া মামলা প্রত্যাহারের দাবীতে মাঠে নেমেছে একেএমএ আউয়াল সমর্থকরা।
অভিলম্বে একেএমএ আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, এডভোকেট জাকির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, ফযসাল মাহাবুব শুভ প্রমুখ।
সমাবেশ বক্তারা একেএমএ আউয়াল এবং তার স্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবী করে বলেন, অভিলম্বে সকল মামলা প্রতাহারের দাবী জানান। অন্যথায় পিরোজপুর শহরসহ পুরো জেলা অচল করে দেয়ার হুশিয়ারী দেন। উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে ওয়ার্ডে আন্দোলন করার ঘোষণা দেন। তারা বলেন, পিরোজপুরের রাজনীতিতে আউয়াল পরিবার, খলিফা পরিবার কোনভাবে দাবিয়ে রাখা যাবে না। তারা গত ৩৫ বছর ধরে পিরোজপুরের মাটিতে রাজনীতি করে আসছেন। তাদের বিরুদ্ধে কেউ কোন ষড়যন্ত্র করে পাড় পাবে না। সকল ষড়যন্ত্রকারীকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা তিনটি মামলায় মঙ্গলবার পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে জামিন নামঞ্জুর করে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এর কয়েক ঘন্টার মধ্যে আইন মন্ত্রণালয় থেকে পিরোজপুর জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করা হয়। পরে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের আদালত বিকেলে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন মঞ্জুর করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial