প্রধান সূচি

দুদকের মামলায় পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী’র জামিন নামঞ্জুর ॥ ৪ ঘন্টা পরে ফের জামিন মঞ্জুর ॥ জেলা জজ ষ্ট্যান্ড রিলিজ

দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন (লায়লা ইরাদ) এর জামিনের আবেদন নামঞ্জুর করার চার ঘন্টা পর বদলকৃত বিচারক পুনঃ জামিন দিয়েছেন। দুদকের দেয়া দুর্নীতির তিনটি মামলায় আউয়াল দম্পতি উচ্চ আদালতের আদেশে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

মঙ্গলবার দুপুরে তারা পিরোজপুরের জেলা ও দায়রা জজের বিচারক আদালতে স্থায়ী জামিনের জন্য উপস্থিত হন এবং জামিন আবেদন করেন।
জামিন আবেদন শুনাণী শেষে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামীদের জামিনের আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় আসামী পক্ষের আইনজীবিরা আদালতে হট্টগোল শুরু করেন। তারা জামিন নাকচের আবেদন পুন:বিবেচনার দাবী করেন। তারা আদালতে বলেন, জামিন না পেয়ে তাদের দু’জন মক্কেলই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই প্রেক্ষিতে আদালতে তাদেরকে চিকিৎসার জন্য ডিভিশনসহ হাসপাতালে স্থানান্তরের অনুমতির আবেদন করা হলে বিচারক এ আবেদন মঞ্জুর করেন। তারপরও এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন আউয়াল দম্পতির আইনজীবি ও সমর্থকগণ।
এ ঘটনার পরে বিকেলে ঢাকা থেকে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ আসলে সংশ্লিষ্ট বিচারক (জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান) তাৎক্ষণিকভাবে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ-২ নাহিদ নাসরিনকে তাঁর দায়িত্ব হস্তান্তর করেন। নতুন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের আদালতে বিকেলে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনের পক্ষে পুনঃরায় জামিন আবেদন করা হয়। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বিকেল সোয়া ৪ টার দিকে আামীদের জামিন আবেদন মঞ্জুর করে জামিনের আদেশ দেন।
এদিকে, দুপুর ১২ টার দিকে জেলা জজ আদালতে একেএমএ আউয়াল দম্পত্তির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হলে এ আদেশের প্রতিবাদে আউয়ালের সমর্থক আইনজীবিরা এজলাসে হট্টগোল শুরু করেন এবং জেলা জজের আদালত বর্জনসহ জামিন না দেয়া পর্যন্ত আদালত চত্বরে অবস্থান করার ঘোষণা দেন। জামিনের আবেদন নাকচের খবরে পিরোজপুর-হুলারহাট সড়ক, পিরোজপুর-পাড়েরহাট সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা ব্যারিগেট দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শহরে খন্ড খন্ড মিছিল বের হয় এবং দোকান-পাট বন্ধ করে দেয়া হয়। নেতা-কর্মীরা হরতালের শ্লোগান দিয়ে শহর প্রদক্ষিণ করে। এ ঘটনায় সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও সন্নিহিত এলাকায় পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়।
এছাড়া শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ প্রহরা জোরদার ও র‌্যাবের টহল করা হয়েছে। উল্লেখ্য, দুদকের সদর দপ্তরের উপ-পরিচালক মো. আলী আকবর গত ৩০ ডিসেম্বর পিরোজপুরের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে তিনটি মামলা রুজু করেন। সরকারি সম্পদ আত্মসাৎ, সরকারি জমি বেদখলসহ দুর্নীতির এ তিনটি মামলার দুইটিতে আউয়ালকে এককভাবে এবং একটিতে তার স্ত্রীকে যৌথভাবে আসামী করা হয়। মামলায় গত ৭ জানুয়ারী হাইকোর্ট তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial