প্রধান সূচি

পিরোজপুরে গুলি করে ও কুপিয়ে আইনজীবী সহকারীকে খুন

পিরোজপুরে সিদ্দিকুর রহমান খলিফা (৬০) নামে এক আইনজীবী সহকারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শংকরপাশা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান খলিফা ওরফে সিদ্দিক মহুরী দক্ষিণ শংকরপাশা গ্রামের মৃত কাসেম আলী খলিফার ছেলে। তিনি পিরোজপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারীর কাজ করতেন এবং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

নিহতের আত্মীয় শহিদুল ইসলাম খলিফা জানান, সকালে জেলা জজ আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কিছু দূর গেলে সন্ত্রাসীরা মোটর সাইকেলে এসে সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সিদ্দিকের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে নিহতের ছেলে রিপন খলিফাসহ স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আরিফ হাসান জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিক মারা যান।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে উপর্যোপরি কোপানো ছাড়াও পায়ে গুলির চিহ্ন রয়েছে। পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একটি গুলির চিহৃ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial