আগামী এপ্রিলের মধ্যেই বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির সকল এলাকাকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে
চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত সকল এলাকাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। এ লক্ষ পূরণে আলোর ফেরিওয়ালা (ভ্রাম্যমান বিদ্যুৎ সংযোগ টিম)সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুতের আবেদন, বিদ্যুৎ বিল পরিশোধসহ সকল সেবা অনলাইনে করা হয়েছে। দিন দিন সমিতির গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অভ্যাহত থাকবে বলে জানান বক্তারা।
বৃহস্পতিবার বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
পোলঘাটস্থ সমিতি চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক শাখিলা খন্দকার।
সমিতি বোর্ডের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. ইমদাদুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার ব্রজ গোপাল দেবনাথ, সমিতি বোর্ডের সচিব প্রদীপ গোলদার প্রমুখ।
সাধারণ সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের সর্বোচ্চ ও নিয়মিত বিল দাতা গ্রাহকদের বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমেও পুরস্কার প্রদান করেন আায়োজকরা। এছাড়া বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনায় অংশ নেন অংশগ্রহনকারীরা।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাট ও খুলনা জেলার ৯টি উপজেলার ৬১টি ইউনিয়ন ও ৮৯৯টি গ্রামে বিদ্যুৎ সরবরাহের কাজ করে। এর মধ্যে ৮৭০টি গ্রামে ২ লক্ষ ৯১ হাজার ৬৭৩ জনকে গ্রাহক রয়েছে। এ সমিতির ৬ হাজার ৪৩৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। সমিতির আওতায় মোল্লাহাট, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলা ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
