ইউপি চেয়ারম্যানদের সাথে অশোভন আচরণ
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বয়কটের ঘোষণা চেয়ারম্যানদের
পিরোজপুরের নাজিরপুরের ইউপি চেয়ারম্যানদের সাথে অশোভন আচরণ করার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বয়কট করেছে ইউপি চেয়ারম্যানরা। সোমবার দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন বেলা ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তারের কক্ষে এডিপি’র উন্নয়ন প্রকল্পের কাজের যাচাই-বাছাইয়ের একটি সভা ছিল। ওই সভায় চেয়ারম্যানরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও ইউএনও রোজি আক্তার তাদের সাথে কোন আলোচনা না করে দীর্ঘ সময় ধরে তিনি তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ইউপি চেয়ারম্যানরা এ সময় সভার কথা বললে তিনি তাদের সাথে অশোভন আচরণ করেন ও তাদের বসা চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। এ নিয়ে চেয়ারম্যানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে চেয়ারম্যানরা উপজেলা চেয়ারম্যানের অফিসে গিয়ে ওই বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা (ইউপি চেয়ারম্যান) উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরবর্তী সকল আলোচনা সভা থেকে বয়কটের ঘোষণা দেন।
এ বিষয়ে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান জানান, সোমবার এডিপি’র প্রকল্প যাচাই-বাছাই সভার নির্ধারিত সময়ে উপজেলার ৯ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ৭ জন উপস্থিত ছিলেন। সভাস্থল উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এডিপি’র সভাপতি উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার উপস্থিত হলে তাকে সম্মানজনক কোন চেয়ার না দিয়ে একটি ছোট সাধারণ চেয়ারে বসতে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার এবং সভার বিষয়ে কোন আলোচনা না করে তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এ সময় চেয়ারম্যানরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভা শুরু করতে অনুরোধ করলে তিনি ক্ষেপে গিয়ে চেয়ারম্যানদের বসা চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন অশোভন আচরণে ইউপি চেয়ারম্যানবৃন্দ উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে গিয়ে ওই প্রকল্প যাচাই বাছাই বিষয়ে আলোচনা করেন। তখন উপজেলা চেয়ারম্যান তাকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তার (উপজেলা চেয়ারম্যান) এর কক্ষে আসার জন্য দাওয়াত দিলেও তিনি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) সেখানে আসেন নি। এ ঘটনায় চেয়ারম্যানবৃন্দ উপজেলা নির্বার্হী কর্মকর্তার আচরণের প্রতিবাদে তাকে বয়কট করার ঘোষণা দেন।
এডিপি’র সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মো. জাকির মিয়া বলেন, সভায় আমি কিছু বিলম্ব করে গিয়েছি। আমি ইউএনও’র কক্ষে প্রবেশকালে চেয়ারম্যানরা সেখান থেকে বের হয়ে যান। পরে উপজেলা চেয়ারম্যানের কক্ষে এডিপি’র প্রকল্পের বিষয়ে সভা হয়। এ সময় চেয়ারম্যানরা ইউএনওকে বয়কটের ঘোষণা দেন।
এ ব্যাপারে শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান আতিয়ার বলেন, ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর আগেও বিভিন্ন সময় অশোভন আচরণ করেছেন। তার আচরণের প্রতিবাদ হিসেবে তাকে বয়কট করা হয়েছে। তিনি যে সভায় থাকবেন সেখানে আমরা (ইউপি চেয়ারম্যান) যাবো না।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সাথে তার মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেন নি।
পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিক জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন।
