পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড
পিরোজপুরে অস্ত্র মামলায় অনিক মাহামুদ (২৭) নামের এক যুবককে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আসামীর অনুপস্থিতে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত অনিক মাহামুদ পিরোজপুর পৌরসভার মাছিমপুর গ্রামের মাহামুদ হাসানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশের এসআই আসাদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পিরোজপুর পৌরসভার মরিচাল গ্রামের বালুর মাঠ এলাকা থেকে অনিক মাহামুদকে আটক করেন। এরপর তার স্বীকারোক্তি অনুয়ায়ী বালুর মাঠ সংলগ্ন মাটির নিচে রাখা শাটারগান উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার এসআই আসাদুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে অনিক মাহামুদের বিরুদ্ধে একটি মামলা করেন। অস্ত্র উদ্ধারের এক মাসের মাথায় ওই বছরের ১৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আসামি অনিক মাহামুদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি জহুরুল ইসলাম।
