বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউর করিম এমপি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার অবাধ তথ্য প্রবাহের সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগ সব সময়ই সরকারের কর্মকান্ডের গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানায়। তবে সরকারের সমালোচনা করার পাশাপাশি যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করার চেষ্টা করছে জনগণ তাদের বিষয়েও জানতে চায়। তাই সাংবাদিকদের সে সেব বিষয়েও সংবাদ প্রকাশ করে নৈরাজ্যকারীদের মুখোশ উন্মোচন করা উচিৎ।
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় গণপূর্ত মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ সব কথা বলেন।
নাজিরপুরে মন্ত্রীর নিজস্ব বাসভবনে এ শুভেচ্ছা বিনিময়কালে পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি শিরিনা আফরোজ, নির্বাহী সদস্য এ কে আজাদ, শফিউল হক মিঠু, জহিরুল হক টিটু, জাহাঙ্গীর হোসেন নান্না, মাহমুদুর রহমান মাসুদ,
মোস্তাফিজুর রহমান বিপ্লবসহ নবনির্বাচিত কমিটির কর্মকর্তা ও প্রেসক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
