ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে ঐক্যবদ্ধ হতে হবে … গৃহায়ন গনপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর সেই নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের মহাসড়কে। তাই যে লক্ষ নিয়ে ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছিলেন সে লক্ষ বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদেন মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য সকলের অংশগ্রহন থাকা প্রয়োজন। তাই স্ব স্ব অবস্থান থেকে সবাইকে উন্নয়নের এ মহাযজ্ঞে শরীক হয়ে নেছারাবাদ উপজেলাকে একটি নিরাপদ ও জনবান্ধব উপজেলায় রূপান্তরিত করার আন্দোলনে তিনি দলের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
শ. ম. রেজাউল করিম এমপি আরো বলেন, প্রকল্প নেওয়ার জন্য বলবেন আর তার বাস্তবায়নে সহায়তা করবেন না, তা হয় না। আসুন আমরা সকলে নেছারাবাদসহ গোটা পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত নিরাপদ একটি উন্নত এলাকায় পরিনত করি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সঞ্চালনায় সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল হক, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী এর আগে ঘুর্ণিঝড় বুলবুলে উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও গৃহ নির্মানের জন্য বরাদ্ধকৃত অর্থ বিতরণ করেন।
