ভান্ডারিয়ায় মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বৃহস্পতিবার ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক মন্ডলীর সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী নারী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, হাসিনা বেগম, খায়রুননাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, প্রভাষক মুরাদ হোসেন জাহিদ, মো. ওমর ফারুক ও ওসমান গনি। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মো. আমিন খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহীয়সী নারী মাজেদা বেগম ছিলেন একজন সৎ, দক্ষ এবং নারী বান্ধব ব্যক্তিত্ব। দেশের স্বাধীকার আন্দোলনে তাঁর স্বামী দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াকে নানা সময়ে যেমন একজন দক্ষ পরামর্শক হিসেবে সহায়তা করেছেন তেমনি তাঁর সন্তানদেরকে সুসন্তান হিসেবে তৈরী করতে সক্ষম হয়েছেন। তাই তাঁর কর্মময় জীবনাদর্শ প্রত্যেক নারীর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হওয়া উচিত।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতে কলেজের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
