ভান্ডারিয়ায় র্যাবের অভিযানে ৫ ভূয়া দাঁতের ডাক্তার আটক
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সোমবার দুপুরে বরিশাল র্যাব-৮ অভিযান চালিয়ে ৫ ভুয়া দাঁতের ডাক্তারকে আটক করেছে। এ সময় তাদের দোকান সিলগালা করে দেয়া হয়েছে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভান্ডারিয়া পৌরশহর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন ভূয়া ডাক্তার লোকজনকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা দাঁত ঘরের মো. ফাইজুল হক রানা, মর্ডান ডেন্টাল কেয়ারের মো. বাবুল হোসেন নিরব, মা ডেন্টাল কেয়ারের মো. মহিউদ্দিন পলাশ, বেঙ্গল ডেন্টাল কেয়ারের জসিম উদ্দিন শাহীন এবং ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মত অপরাধে মো. শামীম আকনকে আটক করা হয়।
অভিযানে পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়াছিন খোন্দকার ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মো. এইচ এম ফাহাদ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে আটককৃত ভূয়া ডাক্তাররা তাদের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে মো. ফাইজুল হক রানাকে ৬ মাসের, বাবুল হোসেন নিরবকে ২ মাস, মো. মহিউদ্দিন পলাশকে ৬ মাস, জসিম উদ্দিন শাহীনকে ৪ মাস এবং ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মত অপরাধে মো. শামীম আকনকে ২ বছরের জেল ও শামীম আকনকে ঘর ভাড়া দিয়ে সহায়তা করার অপরাধে ঘর মালিক আব্দুল কাদের হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এছাড়া ওখানে চিকিৎসা নিতে আসা ৫ রোগীকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয় এবং ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম।
