মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ দুইজনকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি শহীদ সরদার (৪০)কে শনিবার রাতে স্থানীয় মিরুখালী বাজারে বসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এসময় ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই বাচ্চু সরদার (৫২) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শহীদ ও বাচ্চু সরদার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে মিরুখালী বাজারে (বাঁধের পাশে) দলিল লেখক সিদ্দিক জমাদ্দারের ঘরে বসে শহীদ সরদার এবং খায়ের ঘটিচোরা মাদ্রাসার সহ-শিক্ষক আ. সালাম জমিজমা সংক্রান্ত কাগজপত্র দেখছিল। এ সময়ে ৭/৮ জনের এক দল দুর্বৃত্ত ধারালো রামদা ও দা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে শহীদকে এলোপাথারি কোপাতে থাকে। এ সময় শহীদের ডাক চিৎকারে তার বড় ভাই বাচ্চু সরদার এগিয়ে এল তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আ. হক জানান, এ ঘটনায় আহতের ভাই ফরিদ উদ্দিন চুন্নু বাদি হয়ে রবিবার দুপুরে ৮ জন নামীয়সহ আরও অজ্ঞাত ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
