গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে নাজিরপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু’র ম্যুরাল
পিরোজপুরের নাজিরপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত উদ্যোগে তার নিজ জন্মস্থান জেলার নাজিরপুরে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল।
নাজিরপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালের নির্মাণ কাজ চলছে। নাজিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার তত্বাবধানে ইতোমধ্যে ম্যুরালের ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। আগামী জানুয়ারী মাসের যে কোন দিন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ম্যুরাল উদ্বোধন করবেন।
নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ বলেন, স্বাধীনতার পর থেকে আমরা অফিসে টাঙ্গানো ছবি নামিয়ে তাতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছি। অনেক স্বপ্ন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ধরণের একটি ম্যুরাল নাজিরপুরে নির্মাণ করার। আওয়ামী লীগের গত দশ বছরে বার বার উদ্যোগ নিয়েও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আজ মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সে স্বপ্ন পূরণ করছেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, এর আগে বিভিন্ন দিবসে নাজিরপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো। এ কারণেই নাজিরপুরে বঙ্গবন্ধু’র ম্যুরাল নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, নাজিরপুর-পিরোজপুর মহাসড়ক, পিরোজপুর-স্বরূপকাঠী মহাসড়কেও বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হবে। এছাড়া আমার নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
