প্রধান সূচি

চিতলমারীতে প্রভাবশালীদের দখলে সরকারি খাল

বাগেরহাটের চিতলমারীতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী পূর্বপাড়া এলাকার একটি সরকারি খালে বালি ভরাট ও অনেক বছর ধরে দখল করে আছে এলাকার একটি প্রভাবশালী মহল। গুরুত্বপূর্ণ এ খালটি দখলের ফলে ওই এলাকার প্রায় ৫শ’ একর ফসলি জমিতে জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে। বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান গাজী, ক্ষীরোদ রানা, প্রবীন রনজিত মজুমদার, সুখলাল বাড়ৈ, নন্দলাল মন্ডল ও কলেজ শিক্ষক বিধান মজুমদারসহ অনেকে জানান, জনগুরুত্বপূর্ণ এ সরকারি খালটি দীর্ঘ ২০/৩০ বছর ধরে একটি প্রভাবশালী মহল দখল করে বাড়ি-ঘর নির্মান করেছে। সম্প্রতি ওই এলাকার বিধান পোদ্দারের ছেলে বিতান পোদ্দার অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি কেটে খালটি ভরাট করছে। এ খালটি ভরাটের কারণে এলাকার প্রায় ৫শ’ একর ফসলি জমি ও শত শত চিংড়ি ঘেরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া বোরো মৌসুমে সেচ ব্যবস্থা না থাকায় চরম বিপাকে রয়েছেন এলাকার কয়েকশ চাষী। খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবীতে এলাকাবাসী গণস্বাক্ষর করে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিতান পোদ্দার কোন মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, খড়মখালি পূর্বপাড়ার একটি সরকালি দখল করে বালি ভরাটের অভিযোগ পাওয়ায় তাৎক্ষনিকভাবে তা বন্ধ করা হয়েছে। সরকারি নদী-খাল দখল করে কেউ বালি ভরাট বা অবকাঠামো নির্মান করলে তা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial