প্রধান সূচি

বাড়ী ফেরার পথে মাওয়া ঘাট থেকে পুলিশ কনষ্টেবল নিখোঁজ

ছুটি নিয়ে বাগেরহাটে বাড়ী ফেরার পথে মাওয়া ঘাট থেকে তৌহিদুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। খাগড়াছড়িতে কর্মরত তৌহিদুজ্জামান গত ২০ নভেম্বর ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের নিজ বাড়িতে আসার পথে ঢাকার মাওয়া ঘাট থেকে নিখোঁজ হয়েছেন বলে তার স্ত্রী মোসলেমা খাতুন দাবি করেছেন। গত চারদিনেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়ে বাগেরহাট সদর মডেল থানায় ও খাগড়াছড়িতে পৃথক দুটি সাধারণ ডায়েরী করেছে পরিবার। পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করছে।

পুলিশ সদস্য তৌহিদুজ্জামান সাতক্ষীরা জেলা সদরের গোবরদাঁড়ি গ্রামের শেখ শামসুল মাস্টারের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি এর আগে বাগেরহাটে প্রায় ১০ বছর চাকরি করেছেন। তিনি তার স্ত্রী মোসলেমা খাতুন ও দুই সন্তানকে নিয়ে বাগেরহাট শহরের পুরাতন পুলিশ লাইনের পাশে হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের মেয়ে মিফতাহুল জান্নাত শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছে এবং মুসফিক জামান হোসাইন নামে আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী মোসলেমা খাতুন শনিবার সকালে এই প্রতিনিধিকে জানান, গত ২০ নভেম্বর দুপুরে ১৫ দিনের ছুটি নিয়ে তৌহিদুজ্জামান বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি আমাকে বেশ কয়েকবার ফোন করেন। ওই দিন রাত ১১টা ২০মিনিটের সময় আমাকে ফোন দিয়ে বলে আমি এখন মাওয়া ঘাটে। এটাই ছিল তার সাথে আমার শেষ কথা। এরপর আর কোন কথা হয়নি। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। আমি তার নিখোঁজ হওয়ার ঘটনাটি পুলিশকে জানিয়েছি এবং থানায় সাধারণ ডায়েরি করেছি। আমার স্বামী সাঁতার জানেন, মাওয়া ঘাট থেকে তিনি কেন কিভাবে নিখোঁজ হলেন কিছু বুঝে উঠতে পারছি না। আমার দুটি দুধের বাচ্চা রয়েছে আমি এখন কার কাছে যাব কি করব বুঝতে পারছি না। আমার স্বামীকে উদ্ধার করতে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।

প্রতিবেশি আব্দুল হান্নান জানান, পুলিশ সদস্য তৌহিদুজ্জামান সদালাপী ছিলেন। চাকরির সুবাদে এখানে পরিবার নিয়ে প্রায় ১০ বছর ধরে বাগেরহাটে বাসবাস করছিলেন। কেন কিভাবে ওই পুলিশ সদস্য নিখোঁজ হলেন তা তদন্ত করে দেখতে পুলিশের কাছে দাবি জানান ওই প্রতিবেশি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান জানান, খাগড়াছড়িতে কর্মরত পুলিশ সদস্য তৌহিদুজ্জামান ১৫ দিনের ছুটি নিয়ে বাগেরহাটের আসার পথে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার খাগড়াছড়ি ও বাগেরহাট মডেল থানায় পৃথক দুটি জিডি করেছেন। আমরা তার মুঠোফোনের অবস্থান নিশ্চিত হতে কাজ শুরু করেছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial