মাদক মামলায় নারীসহ ২ জনের কারাদন্ড
পিরোজপুরে মাদক মামলায় এক নারীসহ ২ জনকে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় প্রদান করেন। বিচারক মাদক কারবারি মো. মোসলেম হাওলাদার (৩৭)কে ৫ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড এবং রহিমা বেগম (৫২)কে ৩ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মো. মোসলেম হাওলাদার পটুয়াখালী জেলার দুমকী উপজেলার সন্দেসদি গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে এবং রহিমা বেগম একই জেলার সদর উপজেলার শিমুলবাগ গ্রামের আবুল কালাম হাওলাদারের স্ত্রী। রায় প্রদান কালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০০২ সালের ৮ জানুয়ারী ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ যানবাহন ধরার অভিযানকালে ওই ২ মাদক কারবারি একটি অটোতে করে পিরোজপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বলেশ্বর ব্রীজের পূর্ব পাড়ে বসে তাদের আটক করা হয়। আটক মোসলেম হাওলাদারের কাছ থেকে ৪০ বোতল ও রহিমা বেগমের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট পলাশ চন্দ্র সাহা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা কলেন সহকারী পিপি মো. জহিরুল ইসলাম।
