প্রধান সূচি

মোংলায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবীতে মানববন্ধন

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধ, প্রকৃত জেলেদের ভাতার আওতায় আনা, দুবলার চরে ভাসমান হাসপাতাল চালু, সুন্দরবনের প্রাণ পশুর নদী এবং সংকটাপন্ন সুন্দরবন রক্ষার দাবীতে মোংলার চিলা বাজারে বুধবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে নিষেধাজ্ঞা শেষে শুটকী আহরণে জেলেদের সমুদ্রে গমনের প্রাক্কালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মো. নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, রণজিৎ প্রামাণ্য, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, নাজমুল হক, মারুফ বিল্লাহ প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, আমাদের জেলেরা যখন ইলিশের নিষেধাজ্ঞা মেনে বাড়ীতে থাকে ঠিক সেই সময়ে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঘটে। সাগরের মৎস্য সম্পদ লুট হওয়ার পাশাপাশি দূষণ বেড়ে  যাচ্ছে। জাহাজ ডুবি এবং বর্জ্য নিক্ষেপের ফলে সাগর দূষণের পাশাপশি প্লাস্টিক দূষণও বাড়ছে। সুন্দরবনের প্রাণ পশুর নদীর পাড়ে অপরিকল্পিত শিল্পায়নের ফলে জলজ প্রাণী হুমকিতে রয়েছে। সমাবেশে বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণ পশুর নদী রক্ষার দাবীতে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি ‘জাল- জেলে এবং জলা’ রক্ষায় সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়াসহ পুষ্টির যোগানদাতা জেলেদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে সুন্দরবনের দুবলা সাগর পাড়ে ভাসমান হাসপাতাল চালু করার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial