পিরোজপুরে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, আফতাব উদ্দিন কলেজ, তেজদাসকাঠী কলেজ অংশগ্রহন করে। প্রথম পর্বে বিতর্কের দুটি বিষয়বস্তু ছিল “কমিউনিটি পুলিশিং জনগনের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করে” এবং “কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগনের আস্থার সেতুবন্ধন” এতে বিজয়ী হয় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ও পিরোজপুর সরকারী মহিলা কলেজ।
বৃহস্পতিবার চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে নির্ধারিত বিষয় ছিল “জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং একটি কার্যকর পদক্ষেপ”। এর পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এবং বিতর্কের বিপক্ষে অবস্থান করে পিরোজপুর সরকারী মহিলা কলেজ। প্রতিযোগিতার বিজয়ী ও বিজেতা দলের নাম আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবসে ঘোষণা করা হবে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন।
