পিরোজপুরে বাস চলাচল শুরু ॥ হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা
পিরোজপুরে জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির এক সদস্যের (বাস মালিক) উপর হামলার প্রতিবাদে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।
এদিকে, বাস মালিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিজাম উদ্দিন মোল্লার ওপর হামলার ঘটনায় আহত নিজাম উদ্দিন মোল্লার স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি বাদী হয়ে ১০ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের বরাদ দিয়ে ওসি নুরুল ইসলাম বাদল জানান, পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য নিজাম উদ্দিন মোল্লা বাইপাস সড়কের জাহাঙ্গীর হাওলাদারের বাসায় ভাড়া থাকেন। গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাসষ্টান্ড অফিস থেকে নিজামুদ্দিন মোল্লা বাসায় ফেরার পথে বাসার সামনে সার্জিক্যাল ক্লিনিক এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।
জাহাঙ্গীর মোল্লার স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি এজাহারে উল্লেখ করেন, তার স্বামী পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির একজন সদস্য। পিরোজপুর বাস ও মিনিবাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ করে দেওয়ায় সন্ত্রাসীরা বাস মালিকদের কাছ থেকে পূর্বের মত প্রতিদিন ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। মালিক সমিতির সদস্যবৃন্দ এ চাঁদা দিতে অপারগতা জানায় এবং পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির বর্তমান কমিটির আহবায়ক রতন কুমার চক্রবর্তীকে বিষয়টি জানায়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে (নিজাম মোল্লা) কুপিয়ে আহত করে।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সদস্যদের অধিকাংশের উপস্থিতিতে গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর ছোট ভাই মশিউর রহমান মহারাজের ও তার কতিপয় সহযোগীর বিরুদ্ধে সমিতির নামে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। উক্ত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাস মালিক নিজাম উদ্দিন মোল্লা। এর ৯ দিনেই মাথায় নিজাম উদ্দিন মোল্লার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এছাড়া বাস মালিক সমিতি নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ৩০ সেপ্টেম্বর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল হালদারের (সেক্রেটারী) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে।
