পিরোজপুরে পাল্টা সাংবাদিক সম্মেলন
বাস মালিক সমিতির সভাপতিকে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ মিথ্যা অভিযোগ করছে। এছাড়া সভাপতি নিজে নন সাধারণ সম্পাদক বাবুল হালদার জাল জালিয়াতি করে সংগঠন পরিচালনা করেছে।
রবিবার পিরোজপুর প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনে সভাপতির বিরুদ্ধে শনিবার উথ্যাপিত সমিতির ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ খন্ডন করে তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র। সমিতির বিভিন্ন কর্মকর্তাসহ তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও প্রশাসনিক ভাবে হয়রানি করার জন্য সমিতির কতিপয় কর্মকর্তা ও সদস্য এবং রাজনৈতিক প্রতিপক্ষ এ মিথ্যা তথ্য সম্বলিত অপপ্রচারমূলক একটি সাংবাদিক সম্মেলন করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ.কে.এম.এ আউয়াল, সহ-সভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের ছোট ভাই আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান মহারাজ বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি পরিচালনা করা হয়। এ ক্ষেত্রে সাংগঠনের নির্বাহী দায়িত্ব পালন করেন সমিতির সাধারণ সম্পাদক এবং আর্থিক দায়িত্ব কোষাধ্যক্ষের। সাধারণ সম্পাদক বাবুল হালদারই সমিতিভুক্ত গাড়ীর মালিক ও সদস্যদের স্বার্থ দেখভাল করেন। গাড়ীর মালিকরা কখনোই রোটেশন, চাঁদা আদায়সহ অন্যান্য কোন বিষয়েই সভাপতির কাছে অভিযোগ করেন নি।
তবে সম্প্রতি বাবুল হালদারের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল ও স্ক্যান করে গাড়ীর রোটেশন, রুট, মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ইত্যাদি কাজ করার অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। উল্টো একটি সংবাদ সম্মেলন করে সভাপতির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ আনেন।
সমিতির সদস্য সংখ্যা ১২৪-১২৫ জন দাবী করে মশিউর রহমান বলেন, কতিপয় গাড়ীর মালিক কিছু বহিরাগত লোক নিয়ে ১৩৬ সদস্য নিয়ে তার বিরুদ্ধে যে অনাস্থা আনায়নের কথা বলা হয়েছে তা মিথ্যা। কোন অনাস্থা প্রস্তাব থাকলে তা সভাপতির কাছে লিখিত ভাবে উত্থ্যাপন করা নিয়ম। তা না করে কথিত আহ্বায়ক কমিটি গঠণ সমিতির গঠণতন্ত্র অনুযায়ী অবৈধ। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি সমিতির সভাপতি এবং তার নেতৃত্বের কমিটি বৈধ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন নান্না, সহ-সভাপতি রফিকুল ইসলাম গাজী, কোষাধ্যক্ষ রিপন দাস, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খোকন প্রমুখ।
এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক বাবুল হালদার বলেন, তিনি এই সমিতির যে সাধারণ সম্পাদক তা তার জানা নেই। বিগত পাঁচ বছর তিনি সমিতির অফিসে বা বাস টার্মিনালে জীবন ভয়ে আসা যাওয়া করেন না। সমিতির যে সব কাগজপত্রে তার সই স্বাক্ষর রয়েছে তা জোর করে ও ভয় দেখিয়ে নেয়া হয়েছে। সভাপতি মশিউর রহমান মহারাজ, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন নান্না ও অফিস সহকারী জাহিদ হোসেন কাগজপত্র তৈরী করে একক ভাবে সংগঠন চালিয়েছেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সদস্যদের অধিকাংশের উপস্থিতিতে শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মশিউর রহমান মহারাজের বিরুদ্ধে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। সাতটি পন্থায় পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজ তার কতিপয় সহযোগীর সহায়তায় এ অর্থ আত্মসাত করেছেন বলে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করা হয়।
