প্রধান সূচি

ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষায় লাল নিশান

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি জমি রক্ষা করতে বিভিন্ন স্থাপনা ও খালে দেয়া হয়েছে লাল নিশান, লাগানো হয়েছে সাইনবোর্ড। ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ উপজেলায় যোগদান করে জনস্বার্থে সরকারি জমি রক্ষা করতে তিনি এ প্রক্রিয়া শুরু করেছেন।

উপজেলার ইন্দুরকানী-সেউতিবাড়িয়া খাল ও সড়কের পাশের সরকারি জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইন্দুরকানী সরকারি কলেজের সামনে থেকে উপজেলা পরিষদের প্রবেশ মুখ পর্যন্ত  খাল ও সড়কের সীমানা নির্ধারণ করে লাল নিশান ও  সাইনবোর্ড টানানো হয়েছে।

লাল নিশান টানানোয় খালের ও সড়কের পাশের বিভিন্ন স্থাপনার মালিকদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে। এর আগে একাধিকবার উপজেলা প্রশাসন সরকারি জমি উদ্ধারের জন্য উপজেলা পরিষদের রেজুলেশন করে চেষ্টা করলেও তা সফল হয়নি। ইন্দুরকানীতে সড়ক ও খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় সরকারি জমি রক্ষায় সরকারের পক্ষ থেকে লাল নিশান ও সাইনবোর্ড টানানোয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, কতিপয় ব্যক্তি সেউতিবাড়ীয়া ও চাড়াখালী খালের ও সড়কের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। সরকারি জমি রক্ষায় প্রশাসনকে আমি সব ধরনের সহায়তা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, এ উপজেলার সরকারি জমি রক্ষার জন্য প্রাথমিকভাবে এলাকাবাসীকে সতর্ক করার জন্য সার্ভেয়ার দিয়ে পরিমাপ করে জমিতে লাল নিশান ও সাইনবোর্ড টানানো হয়েছে। এরপরও তারা সরকারি জমি ছেড়ে না দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial