ভান্ডারিয়ায় শিশু অপহরণের অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়ায় তামজিদ নামের চার বছরের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি পূজা মন্ডপের কাছ থেকে অপহরণ করা হয়।
সে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লার জয়নাল মাতুব্বর ও তমা বেগমের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
অপহৃত শিশুটির মা তমা বেগম (স্বামী পরিত্যক্তা) জানান, স্বামী ফেলে রেখে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে সে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী মহল্লায় তার বাবার বাড়ীতে বসবাস করত। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর আকন নামের এক ব্যক্তি স্থানীয় ঘটক শাহজাহান শরীফকে নিয়ে তার বাড়ীতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। বিয়েতে রাজী না হওয়ায় জাহাঙ্গীর আকন কৌশলে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। শিশুটি দুপুরে পঞ্চম শ্রেণীতে পড়–য়া তার খালাতো ভাই তাওহীদের সাথে স্থানীয় অশোক স্বর্ণকারের বাড়ীতে পূজা দেখতে গিয়েছিল। রাতে উক্ত জাহাঙ্গীর আকন মোবাইল ফোনে তমা বেগমকে জানায় চট্টগ্রাম গিয়ে তাকে বিয়ে করলে তার ছেলেকে ফেরত পাবে। জাহঙ্গীর আকনের বাড়ী বরগুনা জেলার বেতাগী উপজেলায়।
ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান বলেন, এ ব্যাপারে শিশুটির মা শুক্রবার ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
