ইন্দুরকানীতে পূজা মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান
ইন্দুরকানীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৫টি পূজা মন্দিরে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে জেলা পরিষদ। ইন্দুরকানী কেন্দ্রীয় পূজা মন্দিরে ৫ হাজার, পাড়েরহাট বন্দর পূজা মন্দির, লাহুড়ী পূজা মন্দির, রামচন্দ্রপুর পূজা মন্দির ও চন্ডিপুর পূজা মন্দিরে আড়াই হাজার টাকা করে এবং বাকি মন্দিরগুলোতে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
সোমবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনীল কৃষ্ণ মজুমদার, সাংবাদিক এইচ. এম ফারুক হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রতিটি দূর্গা পূজা মন্দিরে এক হাজার টাকা এবং জেলা ও উপজেলা সদরের পূজা মন্দিরে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে।
