পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), পিরোজপুর এর সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে রবিবার সকাল ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউস মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী, সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, রিক’র এরিয়া ম্যানেজার মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ টিআইবি’র কর্মকর্তাবৃন্দ।
