প্রধান সূচি

পিরোজপুরে দিনের বেলায় সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি ॥ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পিরোজপুর পৌরশহরসহ বিভিন্ন আবাসিক এলাকায় বাসাবাড়িতে হঠাৎ করে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছে। আজ শনিবার দিনের বেলাতে পৌর শহরের উকিল পাড়া এলাকায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পিরোজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মো. জাকির হোসেনের ভাড়াটিয়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। তিনি উকিল পাড়ায় ব্যবসায়ী বোরহান মল্লিকের বাসার ৩য় তলায় ভাড়া থাকেন।
শনিবার সকাল সাড়ে ৭ টার পর থেকে দুপুর ১২টার মধ্যে যে কোন সময় তার বাসাতে এই চুরির ঘটনাঠি সংঘটিত হয়েছে। এসময় বাসাতে কেউ ছিলেন না। সংঘবদ্ধ চোরের দল বাসার দরজার দুটি হেজবল ভেঙ্গে ভিতরে আলমিরা ভেঙ্গে নগদ সোয়া লাখ টাকা, ১৩/১৪ ভড়ি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
এ বিষয়ে মো. জাকির হোসেন জানান, শনিবার বরিশালে একটি সরকারী সভায় যোগ দিতে সকাল ৭টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে বরিশালে চলে যান। তার স্ত্রী বড় ছেলের লেখাপড়ার জন্য বড় ছেলেকে নিয়ে খুলনাতে থাকেন। সকাল সোয়া ৭টার দিকে তার ছোট ছেলে বাসার দরজার দুটি তালা লাগিয়ে স্কুলে যায়। দুপুরে ১ টার দিকে তার ছোট ছেলে বাসায় এসে দরজা হেজবল ভাঙ্গা এবং বাসার মধ্যে মালামাল তছনছ অবস্থায় দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে তিনি বরিশাল থেকে জরুরীভাবে চলে আসেন। তিনি জানান, তার বাবার চিকিৎসার জন্য ঘরে নগদ সোয়া লাখ টাকা রাখা ছিল। এছাড়া তার স্ত্রীর বিয়ের সময়কার বিভিন্ন স্বর্ণালংকারগুলোও ঘরে ছিল। চোরেরা সব নিয়ে গেছে।
পিরোজপুর সদর থানার ওসি এস. এম জিয়াউল হক জানান, উকিল পাড়ায় সমাজসেবা কর্মকর্তার বাসাতে একটি চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, গত কয়েক দিনে পিরোজপুর শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে চুরি ঘটনা ঘটেছে। শহরের উকিল পাড়াতেই গত কয়েকদিন আগে আরও একটি চুরি বা আধা ডাকাতির ঘটনা ঘটে। এ এলাকার নাসিম খানের এক ভাড়াটিয়ার বাসায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঐ বাসার জানালার গ্রিল কেটে চোরের দল ঘরে স্বর্ণলংকার, টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial