সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার
সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকায় বনের মধ্য থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বন রক্ষীরা। উদ্ধার হওয়া মৃতদেহটি বাঘিনির এবং সাত ফুট লম্বা। বাঘের মৃতদেহটি বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কার্যালয়ে আনা হয়। বাঘটির মৃতদেহের ময়না তদন্তের জন্য কাজ শুরু করেছে প্রাণি সম্পদ বিভাগ। এর আগে মঙ্গলবার দুপুরে সুন্দরবন থেকে মৃতদেহটি উদ্ধার হলেও বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ছাপড়াখালী এলাকায় টহলের সময় বনরক্ষীরা বাঘের মৃতদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। আমরা শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার দুইজন প্রাণি সম্পদ কর্মকর্তার সমন্বয়ে বাঘটির ময়নাতদন্তের কাজ শুরু করেছি। যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায়।
তিনি আরও বলেন, মৃত বাঘটির চামড়া আমরা সংরক্ষণ করবো। দেহটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের অভ্যন্তরে মাটি চাপা দেয়া হবে।
বন্য প্রাণী সংরক্ষণ ও বিভাগীয় বন কর্মকর্তা মো. মোদিনুল আহসান জানান, বয়সের কারণে বাঘটি মারা যেতে পারে, তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
