পিরোজপুরে বরিশালের নবাগত বিভাগীয় কমিশনারের মতবিনিময়
বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী রবিবার পিরোজপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন।
শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজানুর রহমান স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. ফারুক আলম, উপ-পরিচালক (কৃষি) আবু হেনা মো. জাফর, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মাহমুদ হোসেন ও নাসিম আলী, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল হাসান গাজী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।
মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, যোগাযোগ দুর্গম পিরোজপুর জেলাকে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন সুবিধা নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখবেন। পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দুর্নীতি মুক্ত, জনবান্ধব প্রশাসন তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এ সময়ের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থান নিশ্চিত করা হবে।
