ডাক্তারের অবহেলায় তিন সন্তানের জননীর মৃত্যু
জেলার ভান্ডারিয়া হাসপাতালের ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণে নারগীস আক্তার (৪৫) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সোয়া ৭টায়।
পরিবার ও স্বজনসূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে পার্শবর্তী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের শাহআলম মীরার স্ত্রী নারগীস আক্তার জ্বর নিয়ে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি হয়। রবিবার ভোর ৫ টার দিকে রোগীর অবস্থা খুবই গুরুতর হওয়ায় রোগীর স্বজনরা কর্তব্যরত ডাক্তারকে ফোন করলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যায়। মৃতের স্বামী শাহআলম মীর ডাক্তারের অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা (টিএইচএ) জহিরুল ইসলাম জানান, হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। আর যে রোগী মারা গেছে সে মূলত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। এছাড়া সে কোন রোগেরই পরীক্ষা-নিরীক্ষা ছাড়া দুর্বল অবস্থায় ভর্তি হয়েছিল। এ ব্যাপারে ডাক্তারের অবহেলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
