ভান্ডারিয়ায় মাদকসেবী কলেজ ছাত্রের ৩ মাসের কারাদন্ড
ভান্ডারিয়ায় রবিবার দুপুরে আসাদুল সিকদার (২২) নামের এক মাদকসেবী কলেজ ছাত্রকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম। আসাদুল পৌর শহরের বাশেরপোল এলাকার মহারাজ সিকদারের ছেলে।
জানা গেছে, উপজেলার রাধানগর আমান উল্লাহ কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রত্যাশিত আসাদুল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সামনে কামাল মুন্সির ছেলের বন্ধু পরিচয়ে ওই ঘরের ২নং কক্ষে বসে মাদক সেবন ও মোবাইলে পর্ণ ছবি দেখায় ব্যস্ত ছিল। বিষয়টি পার্শবর্তীদের সন্দেহ হলে দুপুরের দিকে তারা থানায় খবর দিলে ভান্ডারিয়া থানা পুলিশ গিয়ে তাদের আটক করে। এসময় তার কাছ থেকে ৩ পুরিয়া গাজা, মাদক সেবনের সরঞ্জামাদি এবং মোবাইল ফোন জব্দ করে। পরে স্থানীয় ভূমি অফিসে নিয়ে আসলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮এর ৯(১)গ ধারার ৩৬(১)এর ২১ক্রমিক মোতাবেক দন্ডাদেশ প্রদান করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
