পিরোজপুরে সনাক’র দুর্নীতি বিরোধী পথনাটক
“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর আয়োজনে এবং সনাক’র ইয়েস নাট্যদলের পরিবেশনায় দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক পথনাটক “চোর সমাচার” প্রদর্শিত হয়েছে।
সনাক, পিরোজপুর এর উদ্যোগে শনিবার বিকেলে উপজেলার চন্ডীপুর বাজারে প্রদর্শিত দুর্নীতি বিরোধী এ নাটকে শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জলবায়ু অর্থায়নে সুশাসন খাতে বিদ্যমান বিভিন্ন দুর্নীতির চিত্র ফুটে ওঠে। দুর্নীতির বিরুদ্ধে জনগণ ও তরুণদের সচেতন করতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। সরকারি সেবা খাতে প্রত্যহ ঘটে যাওয়া দুর্নীতি ও বঞ্চনার চিত্র ফুটিয়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির এ মাধ্যমকে আরও সক্রিয় করা প্রয়োজন। কারণ তরুণদের ভূমিকার প্রতি এদেশের মানুষের রয়েছে সজাগ দৃষ্টি ও গভীর বিশ^াস।
সনাক বিশ^াস করে, সমাজের অসঙ্গতিগুলো দূর করার লক্ষ্যে টিআইবি’র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ পরিবেশিত এ নাটক মানুষের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে অনুঘটক হিসেবে কাজ করবে। নাটকে অভিনয় করেন ইয়েস দলনেতা মো. রিয়াজ শেখ, সহ-দলনেতা প্রীতি সিকদার, স্বজন সদস্য মো. লাবু শেখ, ইয়েস সদস্য বশির আহমেদ, ইমরান রহমান, মো. সবুজ হাওলাদার, মো. সাব্বির আহমেদ, ইয়েস ফ্রেন্ডস সহ-দলনেতা আয়শা খাতুন, মো. নয়ন হাওলাদার, লিমা আখতার ও মো. ইয়াসিন শিকদার।
